1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নান্দাইলে সাবেক মন্ত্রীকন্যা ও এমপিসহ ১৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে গত বছরের অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক পরিকল্পনা মন্ত্রীর কন্যা, সাবেক সংসদ সদস্য (এমপি), উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১৩৭ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা দাবিতে আয়োজিত ওই শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।

বুধবার, ২৫ জুন ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলী আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নাহিদুল ইসলাম আকন্দ বাদি হয়ে এই অভিযোগটি দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে এ বিষয়ে নান্দাইল মডেল থানায় পূর্বে কোনো মামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার অফিসার ইনচার্জ (ওসি)কে আদেশ দেওয়া হয়েছে।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, গত বছরের ২  ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন করার সময় অভিযুক্তরা পিস্তল, শর্টগান, বোমা এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযোগে মোট ১৩৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে, সাবেক পরিকল্পনামন্ত্রীর উপদেষ্টা ও কন্যা ওয়াহিদা হোসেন রূপা, সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, মন্ত্রীর সাবেক এপিএস আবু নাসের ভূইয়া মাসুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার ও শফিউল আলম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম তামান্না ও মনোয়ারা জুয়েল, সাবেক কাউন্সিলর রেজাউল করিম ভুইয়া রিপন, শফিকুল ইসলাম ভূইয়া এবং ১১ জন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা।

বাদিপক্ষে বাংলাদেশ দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪ এবং ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে বেআইনি প্রবেশ, আঘাত, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, “আদালতের আদেশের একটি অনুলিপি আমরা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করে নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং