
কিশোরগঞ্জের করিমগঞ্জে মোটরসাইকেলের চাকায় কাদা ছিটে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার, ১১ অগাস্ট সকালে উপজেলার কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে গ্রামের তাজুল ইসলাম (২৫) বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা মাসুদ মিয়ার চাকার কাদা তার গায়ে লাগে। তাজুল মোটরসাইকেল ধীরে চালানোর অনুরোধ করলে মাসুদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। বিষয়টি দ্রুত গ্রামে উত্তেজনা সৃষ্টি করে এবং গ্রামে দলবদ্ধ ক্ষোভ ও গোষ্ঠীগত উত্তেজনায় রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিনভর টানটান পরিস্থিতির পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন, যাদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, “কাদা ছিটে পড়ার মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন, তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply