
কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচনে তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটনের মনোনয়ন দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৪ নভেম্বর বিকেল ৩টায় তাড়াইল সাচাইল দারুল উলুম কাসিমুল হুদা মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে তাড়াইল ও করিমগঞ্জ—এই দুই উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশ ও মিছিলে অংশগ্রহণকারীরা “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এবং “তাড়াইল-করিমগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, তাড়াইল-করিমগঞ্জের মাটি সারোয়ার হোসেন লিটনের ঘাঁটি”—এমন বিভিন্ন স্লোগান দেন। ব্যানার ও পোস্টার হাতে নেতাকর্মীরা আসন্ন উপনির্বাচনে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবি জানান।
মিছিলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর পাশে থাকা এবং স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তারা আগামী উপ-নির্বাচনে সারোয়ার হোসেন লিটনকে কিশোরগঞ্জ-৩ আসনের প্রতিনিধি হিসেবে দেখতে চান। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
Leave a Reply