
নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও আধুনিক পুলিশিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ শহরে সিসি ক্যামেরা ও কেন্দ্রীয় সার্ভার স্টেশনের (KCLC) উদ্বোধন করা হয়েছে।
শনিবার, ১৪ নভেম্বর দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের চুরি, ছিনতাই ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্য নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পেশাদার মাদক কারবারি যে পরিবার, বংশ বা দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।” কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, “গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জ শহরে কিশোর গ্যাং তৈরি হয়েছে। আমাদের দলেরও কেউ যদি এসব অপরাধে সম্পৃক্ত থাকে, তাকেও কোনো ছাড় দেয়া হবে না। জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ প্রশাসনকে আমার দলের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সিসি ক্যামেরার আওতায় এলে অপরাধী শনাক্ত করা সহজ হবে এবং ধীরে ধীরে অপরাধ কমে আসবে। পুরো শহরকে নজরদারির আওতায় আনতে আরও ক্যামেরা ও অর্থের প্রয়োজন। শহরকে নিরাপদ রাখতে আমি সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।”
জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে বলেন, “শুধু পুলিশের ওপর নির্ভরশীল না থেকে রাজনৈতিক নেতাদেরও অপরাধ দমনে বড় ভূমিকা রাখতে হবে। চাঁদাবাজির স্পটগুলোতে নজরদারি বাড়াতে হবে এবং ক্যামেরার নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা (কাউন্টার) সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।” তিনি নদীর পাড়ের রাস্তাগুলোতে বিশেষ নজরদারির অনুরোধ জানান এবং চাঁদাবাজি নির্মূলে জেলা পরিষদের অর্থায়নে আরও সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, “কিশোরগঞ্জ মডেল থানার দ্বিতীয় তলায় একটি আধুনিক সার্ভার রুম ও মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টার তথ্য সংরক্ষিত থাকবে। আমরা এমন সব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন ক্যামেরা স্থাপন করছি, যা প্রতিটি ব্যক্তির চেহারা শনাক্ত করে সার্ভারে সংরক্ষণ করতে সক্ষম।”
তিনি আরও জানান, শহরের সব সড়ক ও আবাসিক এলাকা পর্যায়ক্রমে এই নজরদারির আওতায় আসবে। এর ফলে ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মতো অপরাধ বন্ধ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আইনের প্রতি শ্রদ্ধা ও আচরণগত ইতিবাচক পরিবর্তন আসবে।
‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া আধুনিক পুলিশিং সেবার এই নতুন সংযোজন জেলার আইনশৃঙ্খলা রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply