1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

কুলিয়ারচরে রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে দীর্ঘ ৫০ বছরের ব্যবহৃত চলাচলের একটি গ্রামীণ কাঁচা রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। রাস্তাটিতে গাছের খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে স্থানীয় কয়েকটি পরিবারসহ প্রায় ৪-৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ ও অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর  বিকালে এ ঘটনায় ভুক্তভোগী ইজাজুল হক বাদি হয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে ব্র্যাক অফিস থেকে দক্ষিণ দিকে যাতায়াতের একটি পুরোনো কাঁচা রাস্তার ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ৪-৫টি গ্রামের মানুষ চলাচল করে আসছে। কিন্তু গত ৩ নভেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আসিফ মিয়া (৫৫) ওই রাস্তা মাঝে গাছের ৫টি খুঁটি পুঁতে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়।

ভুক্তভোগীরা জানান, বিকল্প কোনো রাস্তা না থাকায় এই পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তাঁরাসহ এলাকাবাসী। বিশেষ করে বাদি ইজাজুল হকের ৩টি লেয়ার মুরগির ফার্মে খাদ্য ও প্রয়োজনীয় মালামাল আনা-নেয়াসহ মারাত্মক যাতায়াত সমস্যার সৃষ্টি হয়েছে। এর ফলে বেশ কয়েকটি পরিবার বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে আইনি সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী ইজাজুল হকের পরিবার। দ্রুত এ বিষয়ে সরেজমিন তদন্ত করে দোষি ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এব্যাপারে ইজাজুল হকের প্রবাস ফেরত পিতা মো. জালাল উদ্দিন (৬৩) জানান, রাস্তাটি দেখেই তিনি তাঁর শ্বশুর বাড়ি এলাকা আগরপুর পূর্বপাড়ায় জায়গা ক্রয় করে বাড়িঘর নির্মাণ করেন। ৬ বছর মালোশিয়া ও দীর্ঘ ২০ বছর সৌদি আরব প্রবাসজীবন শেষ করে প্রায় ২ বছর আগে ওই জায়গায় তিনটি লেয়র মুরগীর খামার করে পরিচর্যা করে আসছেন তাঁরা। তাঁর দাবি তাঁর ক্রয়কৃত সম্পত্তি ও বিবাদি আসিফ মিয়ার সম্পত্তির উপর দিয়ে প্রায় ৫০ বছর আগে একটি গ্রামীণ রাস্তা তৈরী করে এলাকার মানুষ যাতায়াত করে আসছে। এত দিন এ রাস্তা নিয়ে কারো কোন অভিযোগ কিংবা সমস্যা হয়নি। হঠাৎ করে কোন প্রকার ঝগড়া ছাড়াই কেন বা কি কারণে দীর্ঘদিনের নির্মাণকৃত রাস্তাটির উপর প্রতিপক্ষ ৫টি গাছের খুটি পুঁতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তা বুঝতে পারছিনা। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। অবিলম্বে এই রাস্তা থেকে খুটিগুলো অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এব্যাপারে অভিযুক্ত মো. আসিফ মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাদের জায়গায় আমি খুঁটি পুঁতেছি। এ নিয়ে সালিশ দরবারের কি আছে?
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে ভূক্তভোগী ইজাজুল হকের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং