1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরেও ব্যক্তি মালিকানার স্থানে মসজিদ নির্মাণের কাজ চলমান

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের জমির জটিলতা নিয়ে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদাকান্দার বাসিন্দা মো. মাহবুব আলম ও শায়লা হামিম গং ফরিদাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির বিরুদ্ধে ময়মনসিংহের বিজ্ঞ নান্দাইল সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (মোকদ্দমা নং- ১৭৪/২০২৫) দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নালিশী ভূমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে। তবে অভিযোগ রয়েছে, আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ কমিটির লোকজন বর্তমানে মসজিদ ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, মসজিদটির প্রথম তলা ভবনের ছাদের রড বাইন্ডিংয়ের কাজ চলমান রয়েছে।
তবে মসজিদ কমিটির সভাপতি ও রাজগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বুলবুল ইসলাম জানান, বিআরএস রেকর্ড মূলে ফরিদাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের নামে ৮ শতাংশ ভূমি রয়েছে এবং এর ৫ শতাংশ ভূমির ওপর বর্তমানে কাজ চলছে। অভিযোগকারীরা প্রাক্কালে দান করা জমি এখন অস্বীকার করছেন বলে দাবি করছেন।  
ভুক্তভোগী শায়লা হামিম জানান, তাদের পূর্বপুরুষরা মৌখিকভাবে মাত্র ২ শতাংশ জমি দিয়েছিলেন, কোনো দলিল বা পাকাপাকি হস্তান্তর করেননি। কিন্তু ভুলবশত বিআরএস রেকর্ডে ৮ শতাংশ রেকর্ড হয়ে যাওয়ায় তারা আদালতে রেকর্ড সংশোধনী মামলা করেছেন। তবে আদালত থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমিটির লোকজন জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি। মসজিদ হোক এটার বিরোধীতা নয়, তবে মসজিদ বৈধ জমিতে হোক এটার দাবি জানান তারা।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং