
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য একটি পরিবারকে দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হেলাল উদ্দিন (৬০) বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবস্তান গ্রামের হেলাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রফিকুল ইসলাম (৪৫), ফারুক মিয়া (৪০), এবাদুল (২০) ও মোস্তাকিমের (২২) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সংঘর্ষের একটি ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযুক্ত রফিকুল ইসলামকে আদালত ছয় মাসের কারাদণ্ড দেন। কারাভোগ শেষে চলতি বছরের ২৫ মে অভিযুক্তরা পুনরায় হেলাল উদ্দিন ও তার শ্যালক সোহাগ মিয়াকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায়ও থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়।
হেলাল উদ্দিনের অভিযোগ, সর্বশেষ দায়ের করা মামলাটি প্রত্যাহারের জন্য অভিযুক্তরা তখন থেকেই তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২৮ অগাস্ট শুক্রবার দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের বসতবাড়ির সামনে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply