1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

নান্দাইলে ফিসারীর মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে আটক চোর; মুচলেকা দিয়ে মুক্তি

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে রাতের আঁধারে ফিসারীর মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বাবু মিয়া (৩৫) নামে এক ব্যক্তি।

রবিবার, ১৯ এপ্রিল ভোর রাত সাড়ে তিনটায়  ইউনিয়নের তালজাঙ্গা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। আটক বাবু মিয়া ওই ইউনিয়নের পাছবাড়ীয়া গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালজাঙ্গা গ্রামের মৃত ছন্দু মেম্বারের বাড়ির সামনের একটি বড় পুকুরে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলেন তার তিন পুত্র রুবেল, ফারুক ও কায়সার। গত শনিবার রাতে তারা লক্ষ্য করেন কে বা কারা তাদের পুকুরে ‘রিং জাল’ পেতে রেখেছে। বিষয়টি বুঝতে পেরে তারা রবিবার রাতে চোর ধরার জন্য ওত পেতে থাকেন। ভোর রাত সাড়ে তিনটার দিকে বাবু মিয়া পুকুরে নেমে মাছ চুরি করতে গেলে তারা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পুকুর মালিক রুবেল, ফারুক ও কায়সার জানান, মাছ চুরির সময় আটকের পর বাবু মিয়া স্থানীয়দের সামনে ভিডিও জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করেন এবং আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন। তবে তারা ওই সময় পালিয়ে যায়। এলাকায় এর আগেও একাধিক ফিসারীতে মাছ চুরির ঘটনা ঘটলেও চোর ধরা সম্ভব হয়নি। তবে তারা সজাগ থাকায় এবার চোরকে ধরা সম্ভব হয়েছে।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার লোকজনকে জানানো হয়। শেষ পর্যন্ত সামাজিক বিচারে ভবিষ্যতে এ ধরণের কাজ করবে না মর্মে পরিবারের পক্ষ থেকে লিখিত মুচলেকা প্রদান করলে চোর বাবু মিয়াকে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও গাংগাইল ইউনিয়নের বিট অফিসার পলাশ জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। তবে এ ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করা হয়নি। স্থানীয়ভাবে মুচলেকার মাধ্যমে বিষয়টি ফয়সালা হওয়ায় বর্তমানে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং