
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নীলা আক্তার (১৭) ও নীহা আক্তার (৯) নামের সহোদর দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ১১ জুলাই বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকী পুরাতন ব্রহ্মপুত্র নদে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহত নীলা আক্তার (১৭) ও নীহা আক্তার (৯) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে। নীলা আক্তার গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও নীহা আক্তার (৯) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যবসায়ী আবদুর রহমান সপরিবারে উপজেলার দক্ষিণ চরটেকী বেড়িবাঁধ এলাকা বেড়াতে যান। সেখানে গিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। সেসময় ঢেউয়ের তোড়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আবদুর রহমান, তার স্ত্রী নীপা আক্তার ও বড় মেয়ে নীলা আক্তারকে উদ্ধার করে। তবে এসময় আবদুর রহমানের ছোট মেয়ে নীহা আক্তারকে উদ্ধার করা যায়নি। পরে উদ্ধার হওয়া তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নীলা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজ নীহা আক্তারকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ শুরু করে। কিন্তু রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আবার উদ্ধার অভিযান শুরু করে। দুপুরের দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় নীহা আক্তারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১ জুলাই একই স্থানে নৌকা ডুবিতে তিনজন নিহত হয়েছিলেন।
Leave a Reply