1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নান্দাইল চৌরাস্তায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার, নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে
নান্দাইল: উপজেলার চৌরাস্তা বাজরের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় তৈরী হয় জলাবদ্ধতা

 

ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাজারের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে জনসাধারণসহ ব্যবসায়ীগণ চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া রাস্তার পাশে আবর্জনার স্তুপ ও জমাকৃত ময়লা পানিতে মশা-মাছির বংশ বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে নান্দাইল চৌরাস্তার কিশোরগঞ্জ মোড় দূরপাল্লার বাসস্ট্যান্ডে জলাবদ্ধতা ও কাদা থাকার কারণে যাত্রী সাধারণের ভোগান্তিরও শেষ নেই।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বর্ষাকাল এলেই এ চরম দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় বাসিন্দা ও যাত্রী সাধারণকে। তবে নান্দাইল চৌরাস্তার কেন্দুয়া মোড়ে রাস্তার দু’পাশে পাকা ড্রেন থাকলেও রাস্তার ও বাজারের পানি নিষ্কাশনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করে না দেয়ায় বিভিন্ন ময়লা আবর্জনায় ড্রেনেজ ব্যাবস্থা জ্যাম হয়ে পড়েছে। এছাড়া তাড়াইলগামী মোড়ে পুরাতন ড্রেন আবার নির্মাণ করা হলেও  তা বিভিন্ন ময়লা-আবর্জনা ও পলি পরে ভরাট হয়ে গেছে। তাই তা দিয়ে পানি নিষ্কাশনতো দূরের কথা একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।

এছাড়া চৌরাস্তার কিশোরগঞ্জগামী মোড়ের দুপাশে কোন ধরনের ড্রেন নির্মাণ না করায় একটু বৃষ্টি হলেই দাঁড়িয়ে থাকার জায়গাটুকুও পাওয়া যায়না। বৃষ্টির পানিতে কর্দমাক্ত নোংরা অবস্থার সৃষ্টি হওয়ায় এলাকার জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বেশী বৃষ্টি হওয়ায় কোটি টাকার রাস্তা এখনো বৃষ্টির পানির নীচে পড়ে রয়েছে। এতে করে রাস্তার ভিটুমিন নষ্ট হয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এছাড়া নান্দাইল চৌরাস্তায় কোন যাত্রী ছাউনী না থাকায় দূরপাল্লার যাত্রীসাধারণও প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। বারুইগ্রাম চৌরাস্তা বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না ঘটলে পানি জমে সওজের রাস্তার ক্ষতি সহ জনসাধারন ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠান/দোকান পাটের সামনে ব্যবসায়ীরা যেনতেনভাবে ময়লা আবর্জনা জমা করে রাখায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া বলেন, বিষয়টি দেখছি, কোন ব্যবস্থা নেওয়া যায় কি না? এ বিষয়ে নান্দাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান বলেন, এ মুহুর্তে কোন বরাদ্দ নেই। তবে বিষয়টি দু:খজনক। শীঘ্রই বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নান্দাইল চৌরাস্তা এলাকার ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং