
ময়মনসিংহের ত্রিশালে গর্তে পুতে রাখা এক নারী ও দুই শিশুর পরিচয় মিলেছে। জানা গেছে তাদের হত্যাকারীর পরিচয়ও।
নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকাচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩০) তাদের ছেলে আনাস (২) ও বক্কর (৪)।
মঙ্গলবার, ২১ মে বিকেলে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের হাইনজা মড়লবাড়ি মসজিদের পিছনের একটি গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ জানায়, গত ছয় বছর আগে নয়াপাড়া গ্রামের আ. হামিদের ছেলের সাথে সাখুয়া ইউনিয়নের আবদুল খালেকের মেয়ে আমেনা বেগমের বিয়ে হয়। অবাবের সংসারে প্রায়ই স্বামী-স্ত্রী’র মাঝে ঝগড়া হতো। স্ত্রী আমেনা বেগম অন্যের বাড়িতে কাজ করতেন। এনজিও থেকে নেয়া ঋনের কিস্তি পরিশোধ করতে না পেরে আলী হোসেন মানসিকভাবে অস্থির হয়ে পড়েন।
গত বৃহস্পতিবার স্ত্রীকে গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে সন্তানসহ বাড়ি থেকে বের হন আলী হোসেন। পরে পথিমধ্যে স্ত্রী সন্তানদের হত্যা করে মাটিতে পুঁতে রাখেন বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি এই ট্রিপল মার্ডারের হোতা আলী হোসেন। নিহত আমেনা বেগমের মা হাসিনা বেগম ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আসামি গ্রেফতারের পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply