1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

কুলিয়ারচরে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন নিয়ে ব্যবসায়ী নেতাদের ক্ষোভ ও প্রশ্ন

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন ঘিরে স্থানীয় খামারি ও ব্যবসায়ীদের অবহিত না করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া।

ফেসবুকে দেয়া এক পোস্টে আরশ মিয়া বলেন, “এই ব্যবসার সাথে যারা জড়িত তারা কেউ কিছু জানেনা, কিসের প্রাণি সম্পদ সপ্তাহ, আর কিসের কি যাদের জন্য আয়োজন তারাই কিছু জানে না, সব ভুয়া।”

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের কর্মসূচি নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুলিয়ারচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।

দিবসটি পালন নিয়ে- মাঠপর্যায়ের পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের অভিযোগ, আয়োজনের বিষয়ে খামারি বা ডিলার সমিতির সঙ্গে কোনো সমন্বয় কিংবা প্রচারণা দেখা যায়নি। স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীদের মতে, খামারি ও ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ ধরনের আয়োজন অর্থবহ হয় না; বরং এতে খাতসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।   

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুলিয়ারচরে “উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন” নামে কোন সংগঠন আছে বলে আমার জানা নেই। তারা কেউ আমার সাথে এপর্যন্ত যোগাযোগ করেননি। তাই সংগঠনের নেতাদের অবহিত করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং