1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারি করা জমির পুকুরে বিষ প্রয়োগ

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা মামলা চলমান থাকা বিরোধপূর্ণ জমির পুকুরে বিষ প্রয়োগের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, আদালতে জমি সংক্রান্ত মামলা চলমান থাকা অবস্থায় নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রতিপক্ষকে হয়রানি করতেই থানায় এমন কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের মৃত শহর আলীর ছেলে মো. আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী মৃত চান মিয়ার ছেলে মোস্তাকিম ও মঞ্জু মিয়াদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। চরশিহারী মৌজার বি.আর.এস ৩৮৩ খতিয়ানভুক্ত ও ২৫১ দাগের জমিটি আবুল হোসেন পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছিলেন। গত ৩০ অক্টোবর প্রতিপক্ষ মোস্তাকিম ও তার লোকজন দেশীয় অস্ত্রসহ ওই জমি জবরদখলের চেষ্টা চালালে আবুল হোসেন বিজ্ঞ ঈশ্বরগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা (নং- ১৪৪/২০২৬) দায়ের করেন।

আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আইনি প্রক্রিয়ায় টিকতে না পেরে উল্টো আবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের ঘায়েল করতে নতুন চক্রান্ত শুরু করে প্রতিপক্ষ। এরই ধারাবাহিকতায় মোস্তাকিম আলম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, গত ৬ নভেম্বর রাতে বিরোধপূর্ণ জমির সীমানার পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে এবং এ বিষয়ে আবুল হোসেন (৬৫), হেলিম মিয়া (৪৫), হেলাল মিয়া (৪৩) সহ ৮ জনকে অভিযুক্ত করে প্রাণনাশের হুমকির মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেনের পরিবারের অভিযোগ, যে জমিতে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে, সেই জমির দখল নিজেদের অনুকূলে নিতে এবং চলমান মামলা থেকে নজর ঘোরাতেই নিজেরাই বিষ প্রয়োগের নাটক সাজিয়ে প্রতিপক্ষের ওপর দায় চাপাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে থানায় একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর এ অপচেষ্টার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, পুকুরে বিষ প্রয়োগ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের বিষয়টিও আমাদের নজরে এসেছে। কোনো নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং কেউ যেন মিথ্যা ঘটনা সাজিয়ে কাউকে ফাঁসাতে না পারে, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং