
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৪ নভেম্বর বেলা ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া কাজির মোড় বাজারে এ ক্যাম্প ও উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এবং উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় খামারি ও পশুপালনকারীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পে খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি হাঁস-মুরগি, গরু ও ছাগলকে সঠিক সময়ে টিকা প্রদান, রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হয়।
এ সময় খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির রোগব্যাধি প্রতিরোধে নিয়মিত টিকাদান, সঠিক পরিচর্যা এবং সময়মতো চিকিৎসাসেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
Leave a Reply