1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বাকৃবিতে আন্তর্জাতিক মানের ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’ এর উদ্বোধন

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

চিরসবুজ ক্যাম্পাস ও নয়নাভিরাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনির্মিত “ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার, ১৮ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবিজড়িত পুরাতন আমেরিকান কলোনির মনোরম পরিবেশে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কনফারেন্স হলটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কনফারেন্স হলের উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ আঞ্চলিক প্রধান হুমায়ুন মিয়া। তিনি বাকৃবির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূবালী ব্যাংকের দীর্ঘদিনের অংশীদারিত্বের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ব্যাংকের পক্ষ থেকে নবনির্মিত কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চির অত্যাধুনিক স্মার্ট টিভি ভাইস চ্যান্সেলরের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এই কনফারেন্স হলটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান, পশু পালন অনুষদের ডিন ও ডিন কনভেনর প্রফেসর ড. রুহুল আমীন,  বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার ও সোনালি দলের সভাপতি এবং মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আলী রেজা ফারুক প্রমুখ।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির সার্বিক উন্নয়নে পূবালী ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে বাউরেসের পরিচালক ও তাঁর পুরো টিমকে এই সুন্দর উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউস ও কনফারেন্স হলকে কেন্দ্র করে আরও কিছু প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের স্থাপনা নির্মাণ করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বহুমুখী প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং