
চিকিৎসকদের চেম্বারে ওষুধ প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়া, অহেতুক হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১১ মে সকাল ১০টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রূপম দাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাকুন্দিয়া প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে ওষুধ প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে হয়রানি ও গ্রেফতার করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের প্রায় সাড়ে চার লাখ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ওষুধের বৈজ্ঞানিক তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ মাঠপর্যায়ে তাদের অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে।
পেশাগত মর্যাদা রক্ষায় ফারিয়ার পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: ওষুধ প্রতিনিধিদের ‘দালাল’ বলা বন্ধে রাষ্ট্রীয় নির্দেশনা প্রদান, অযৌক্তিক গ্রেফতার ও অপমানজনক আচরণ বন্ধ, গণমাধ্যমে দায়িত্বশীল ও সঠিক সংবাদ প্রচার নিশ্চিত করা, স্বাস্থ্য মন্ত্রণালয়-আইনশৃঙ্খলা বাহিনী ও ফারিয়া প্রতিনিধিদের সমন্বয়ে বৈঠকের আয়োজন এবং ওষুধ প্রতিনিধিদের পেশাগত কার্যক্রমের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রনয়ণ।
Leave a Reply