
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে তাওহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার, ২৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১২টার কিছু পরে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পাশের ঘরেও লাগে এবং দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তাওহিদুল ইসলাম।
দগ্ধ শিশুটি কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তারপর ঢাকায় নিয়ে গেলে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে তাওহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলে আলীনগর এলাকায় রাস্তা দখল করে অর্ধশতাধিক অটো চার্জিংয়ে থাকায় সরঞ্জামাদি ছাড়াই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা দ্রুত চিকিৎসা সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
Leave a Reply