
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করিমগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. রফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার, ৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ–সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রফিকুর রহমানকে আগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছে দল।
বিষয়টি সংশ্লিষ্ট সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের অবহিত করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককেও অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রফিকুর রহমান বলেন, ‘আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দীর্ঘদিন দূরে থাকায় আমি মানসিকভাবে অস্বস্তিতে ছিলাম। এখন আবার কাজ করার সুযোগ পেয়েছি। তৎকালীন সময়ে গঠিত উপজেলা পর্যায়সহ প্রতিটি গ্রাম পর্যায়ের বিএনপির কমিটিকে পুনর্জাগ্রত ও সংগঠিত করতে কাজ করব। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ড. ওসমান ফারুকের ধানের শীষ প্রতীকের বিজয় ত্বরান্বিত করতে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাব।’
Leave a Reply