
কিশোরগঞ্জের মিঠামইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পুরো এলাকা পুড়ে ছারখার হয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছিল।
মঙ্গলবার, ৬ অক্টোবর বেলা ১২টার দিকে মিঠামইন বাজার সংলগ্ন গিরিশপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই একটি টিনের ঘরে আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে। আতঙ্কে এলাকার মানুষজন ছোটাছুটি করতে থাকেন। বাজার সংলগ্ন এলাকা হওয়ায় অগ্নিকাণ্ড দেখতে শত শত মানুষ ভিড় জমিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট বা বৈদ্যুতিক তার থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তাদের সাথে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। অনেকের ঘরের কিছুই বের করতে পারেনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে-এমনটাই জানানো হয়েছে।
Leave a Reply