
হাওর হবে পর্যটনের শ্রেষ্ঠ ও নিরাপদ স্থান। হাওরে কোন পর্যটক এসে কোন হয়রানি বা প্রতারণার শিকার হবেন না।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় ইটনা উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এ কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী দিনে মুসলমানরা যেভাবে পুলিশ পাহারা ছাড়া ঈদের জামাত আদায় করেন ঠিক তেমনি ভাবে সনাতন ধর্মাবলম্বীরাও সেইভাবে পুলিশ পাহারা ছাড়াই পূজা উৎযাপন করবেন। স্থানীয় সরকার নির্বাচনকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, জনগণ যাকে ভোট দেয় তিনিই হবেন জনগণের প্রতিনিধি। আগামী মাঝারি শীতে বড় পরিসরে বাউল উৎসব করা হবে। বাউল হলো বাঙালীর চেতনার জায়গা। মানুষ যেন পেটের ক্ষুধায় না থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি টাকার অভাবে যেন কোনো শিক্ষার্থীর ফরম ফিলাপ ও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে না যায় সে দিকে লক্ষ্য রাখার জন্য উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দেন তিনি। এজন্য প্রয়োজনে ফান্ড এর ব্যবস্থা করে দিবেন বলেও উল্লেখ করেন তিনি। যুব সমাজকে পথ ভ্রষ্ট করার একমাত্র হাতিয়ার মাদক। তাই মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স নীতি প্রয়োগের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেন অ্যাডভোকে ফজলুর রহমান।
শিক্ষার মান বৃদ্ধির জন্য যথাযথ প্রদক্ষেপ গ্রহণ ও উপজেলার প্রতিটি ওয়ার্ডে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় যা যা করার তা করবেন বলে জানান তিনি।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের পরিচালনায় মত বিনিময় সভা সঞ্চালনা করেন ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন অ্যডভোকেট ফজলুর রহমানের এমপির সহধর্মিনী উম্মে কুলসুম রেখা, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ খান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সিনিয়র সহ-সভাপতি জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুদ্দীন প্রমুখ।
সভায় ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, সমাজসেবা অফিসার সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা অবস্থিত ছিলেন।
Leave a Reply