
স্বামীর সঙ্গে কিশোরগঞ্জে এসে পৌরসভার সামনে সন্তান কোলে নিয়ে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন রিনা আক্তার মনি নামে এক অন্তঃসত্ত্বা নারী। তার কোলে রয়েছে এক কন্যাসন্তান। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বলেও জানা গেছে।
রিনা আক্তার মনি সেন্টমার্টিন, টেকনাফ এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম সেলিম মিয়া। সেলিম মিয়ার বাবার নাম আবু কালাম এবং তাদের বাড়ি কিশোরগঞ্জে। প্রায় পাঁচ বছর আগে রিনা ও সেলিমের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে রিনা চার মাসের অন্তঃসত্ত্বা।
রিনার দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে রিনা, তাঁর স্বামী সেলিম মিয়া ও তাদের সন্তান কিশোরগঞ্জে পৌঁছান। এরপর সেলিম তার স্ত্রী ও সন্তানকে কিশোরগঞ্জ পৌরসভার সামনে রেখে রিনার কাছে থাকা ১ হাজার টাকা নিয়ে গাড়ি আনার কথা বলে সেখান থেকে চলে যান।
কিন্তু দুপুর পেরিয়ে গেলেও সেলিম আর ফিরে আসেননি। দীর্ঘ সময় অপেক্ষার পরও স্বামীর কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়েছেন রিনা। তিনি জানান, কিশোরগঞ্জে স্বামীর সঠিক ঠিকানা বা পরিচিতজনদের সম্পর্কেও তিনি বিস্তারিত জানেন না।
একদিকে কোলে ছোট সন্তান, অন্যদিকে গর্ভে আরেক সন্তান এ অবস্থায় স্বামীর অপেক্ষায় পৌরসভার সামনে বসে থাকা রিনার অসহায়ত্বের দৃশ্য স্থানীয়দেরও নাড়া দিয়েছে।
রিনার স্বামী সেলিম মিয়ার সন্ধান পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে রিনা আক্তার।
Leave a Reply