
কিশোরগঞ্জ জেলায় সেপ্টেম্বর-২০২৫ মাসের শ্রেষ্ঠ এএসপি (সার্কেল) ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন যথাক্রমে অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হক এবং অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন।
রবিবার, ১৯ অক্টোবর সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, জেলার সব থানার ওসি ও পুলিশ সদস্যরা।
সভায় জানানো হয়, গত এক মাসে অষ্টগ্রাম থানা ও সার্কেল পুলিশের কার্যক্রমে দৃশ্যমান উন্নতি হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং লুণ্ঠিত ও চোরাই মালামাল উদ্ধারসহ নানামুখী সফলতা অর্জন হয়েছে।
এছাড়া, শারদীয় দুর্গাপূজা উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অষ্টগ্রাম সার্কেল পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল। এই সব কারণেই দুজনকে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ দুই কর্মকর্তার এই সম্মাননায় আনন্দ প্রকাশ করেছেন। তারা বলেন, “অষ্টগ্রাম পুলিশের কাজের ফলে মানুষের আস্থা ও ভরসা বেড়েছে। এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে।”
অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বলেন, “এই সম্মান কেবল আমার নয়, পুরো থানার সকল সদস্যের। আমরা শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য সর্বদা কাজ করে যাব।”
অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হক বলেন, “শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া আমাদের জন্য অনুপ্রেরণা। এটা দায়িত্ব আরও বাড়িয়েছে। আমরা জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব।”
Leave a Reply