
কিশোরগঞ্জে পাকুন্দিয়ার চাঞ্চল্যকর অটোরিকসা চালক সুলতান (৬২) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মফিজুল ইসলাম (২২) জামালপুর জেলার বাসিন্দা।
সোমবার, ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পশ্চিম জিরাবো এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা যায়, নিহত সুলতান (৬২) একজন অটোরিক্সা চালক। প্রতিদিনের ন্যায় গত ৩ অগাস্ট সকাল অনুমান ৭ টার দিকে তার ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বের হয়। কিন্তু সারাদিন অতিবাহিত হওয়ার পরেও ভিকটিম বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় তার স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঐ দিন সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে ভিকটিমের স্ত্রী লোক মুখে জানতে পারে যে, একজন অজ্ঞাতনামা বয়স্ক লোক পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছে। সংবাদ পেয়ে বাদীনি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার স্বামীকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর ভিকটিমের শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য গত ৪ অগাস্ট তারিখ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভিকটিমের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অটোরিকশা চুরি করত: হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করে।
এর আগে গত ২২ অগাস্ট এই মামলার তদন্তে প্রাপ্ত আরেক আসামি বরিশাল জেলার বাসিন্দা মো. সোহরাব হোসেন (৪০)কে গ্রেফতার করে।
Leave a Reply