
কিশোরগঞ্জের বাজিতপুরে মাত্র ৭০ হাজার টাকার জন্য নিজ সস্তান ও তার সহযোগিদের হাতে জবাই হয়ে খুন হয়েছেন কৃষক নিবু মিয়া(৬৫)।
শনিবার, ২৬ অক্টোবর বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের ছোট ছেলে মো. সোহেল মিয়া(২৪)সহ তার অপর তিন সহযোগিকে। গ্রেফতার চারজন আদালতে খুনের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার, ২৫ অক্টোবর আসামিগণ আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন।
এ ঘটনায় গ্রেফতার অপর আসামিরা হলেন, বাজিতপুর উপজেলার মো.রহিম মিয়ার ছেলে মো.বাবুল (৩২), একই উপজেলার বরকান্দা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. নজরুল ইসলাম(৪৫) ও ডুয়াইগাঁও গ্রামের মো. ফালু মিয়ার ছেলে সুমন (২৬) মিয়া।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানিয়েছেন, গত ১৯ অক্টোবর ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিবু মিয়া (৬৫) কে গামছা দিয়ে হাত, পা ও মুখ বেঁধে জবাই করে হত্যা করে আসামি মো. বাবুল মিয়া, নিহতের ছোট ছেলে মো.সোহেল ও অন্যান্য আসামিরা। পরে বাজিতপুর থানার সুলতানপুর গ্রামের তেলিবাড়ি ধান ক্ষেতে মরদেহ ফেলে রেখে তারা পালিয়ে যান।
তিনি আরও জানান, নিহত নিবু মিয়া তার ছোট ছেলে আসামি মো. সোহেল মিয়াকে জমি বিক্রি করে বিদেশ পাঠিয়ে ছিলেন। কিন্তু সোহেল বিদেশ যাওয়ার মাস-ছয়েক পর দেশে চলে আসে। এই নিয়ে বাবার সাথে ছেলের মনোমালিন্য সৃষ্টি হয়। পরে সোহেল বাড়ি থেকে বের হয়ে এনজিও থেকে একটি লোন নিয়ে অটোরিকশা কিনেন। সেই লোনের কিস্তির টাকা পরিশোধের জন্য বাবার জমি বিক্রির অবশিষ্ট ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নিবু মিয়াকে হত্যা করা হয়।
Leave a Reply