
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা মানেই একসময় বিস্তীর্ণ হাওর আর বোরো ধানের মাঠ। কিন্তু সেই চিত্র এখন পাল্টাচ্ছে। প্রতিদিন ভেকু দিয়ে ফসলি জমি ভরাট করে গড়ে উঠছে নতুন বাড়িঘর, কাটা হচ্ছে পুকুর।
এতে একদিকে কমছে কৃষিজমি, অন্যদিকে হুমকির মুখে পড়ছে হাওর অঞ্চলের কৃষি অর্থনীতি ও পরিবেশ। অভিযোগ উঠেছে, এসব অবৈধ ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দেখেও নীরব ভূমিকা পালন করছে।
সরেজমিনে দেখা যায়, মিঠামইনের বিভিন্ন এলাকায় একসময় যে জমিতে বোরো ধান হতো, সেখানে এখন মাটি ফেলে ভরাট করে তৈরী হচ্ছে বসতবাড়ি। কোথাও কোথাও আবার নতুন পুকুর খনন করা হচ্ছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে জ্যামিতিক হারে কমে যাচ্ছে হাওরের আবাদি জমি।
জমি ভরাটের ফলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষায় জলাবদ্ধতা এবং জীববৈচিত্র্যের ক্ষতি বাড়ছে। কৃষক জমি হারিয়ে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, কৃষি জমি সংরক্ষণ আইন থাকলেও এর প্রয়োগ নেই। রাতারাতি ভেকু দিয়ে জমি ভরাট হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখা যাচ্ছে না। প্রশাসনের এই নীরবতাকেই অনেকে অবৈধ ভরাটকারীদের সুযোগ হিসেবে দেখছেন।
এই ঘটনায় এলাকার সুশীল সমাজে তীব্র সমালোচনা চলছে। তাদের দাবি, এখনই কঠোরভাবে আইন প্রয়োগ না করলে আগামী কয়েক বছরের মধ্যে হাওরে চাষের জমি বলতে কিছুই থাকবে না।
হাওর রক্ষায় দ্রুত ৩টি পদক্ষেপ জরুরি, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ টিম দিয়ে নিয়মিত অভিযান চালানো, কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন অনুযায়ী ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অকৃষি জমি চিহ্নিত করে সেখানেই বাড়িঘর নির্মাণে উৎসাহ দেয়া।
হাওর শুধু একটি উপজেলার সম্পদ না, এটি জাতীয় খাদ্য নিরাপত্তার অংশ। ফসলি জমি ভরাট করে ঘর তোলা মানে ভবিষ্যতের খাবার নষ্ট করা। প্রশাসন যদি এখনই উদ্যোগ না নেয়, তবে এই হাওর একদিন শুধু ইতিহাসের পাতায় থাকবে।
Leave a Reply