
কিশোরগঞ্জের করিমগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর রাত ১০টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জয়কা ইউনিয়নের পানাহার গ্রামের ইব্রাহীম, সাকিব ও মিশকাতুল।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তরুণদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা বাগ্বিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে তিনজনকে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে আহতদের রাতেই কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান বলেন, তিনি একটি মামলার সাক্ষ্য দিতে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে জানতে থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুন মিয়াকে ফোন দিতে বলেন।
করিমগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুন মিয়া বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply