1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

‘ নতুন প্রজন্মের হৃদয়ে নজরুল চেতনা’ নান্দাইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, বৈচিত্রময় সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার, ৩১ অগাস্ট সকালে নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ও দেশাত্মবোধক গান। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্তরে এই আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, “কাজী নজরুল ইসলাম কেবল আমাদের জাতীয় কবি নন, তিনি সাম্য ও মানবতার প্রতীক। তাঁর সৃষ্টিশীল চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারলে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। নজরুলকে জানার মাধ্যমেই তরুণ প্রজন্ম দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার পাঠ নিতে পারবে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। নজরুলের বিদ্রোহী ও মানবিক সত্তাকে ধারণ করে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করার প্রেরণা পাবে শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং