
জামালপুরের ইসলামপুরে ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শুরু হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিজন-২। টুর্নামেন্টটি ইসলামপুরের সবুজকুঁড়া মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই মাঠে গড়াবে এই প্রতিযোগিতা।
আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমী দলগুলো এ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে একটি ৮০ সিসি মোটরসাইকেল এবং রানার-আপ দলকে একটি রেফ্রিজারেটর প্রদান করা হবে। এমন ব্যতিক্রমী পুরস্কার ঘোষণায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
আয়োজক মোস্তাফিজুর রহমান লেলিন জানান, একটি প্রতিযোগিতামূলক, সুশৃঙ্খল ও আনন্দমুখর টুর্নামেন্ট উপহার দিতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আগ্রহী দলগুলোকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।
টুর্নামেন্টে অংশগ্রহণ বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৬৪১-১১৯৬১৮ নম্বরে। আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট ইসলামপুরের ফুটবলাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের যোগ্যতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে।
Leave a Reply