
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পশ্চিম চিনারচর গ্রামের মৃত ময়েন মোল্লার ছেলে কুমর উদ্দিন মন্ডলের (৬৫) বিরুদ্ধে জমি বিক্রির টাকা নিয়ে দলিল (রেজিস্ট্রি) না দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, একই গ্রামের প্রবাসী হাফিজুর রহমান (৪৯), মৃত আব্দুল হাকিমের ছেলে, কুমর উদ্দিনের কাছ থেকে ৪৫ শতাংশ জমি ১০ লাখ টাকায় ক্রয় করেন। এ সময় দুই দফায় হাফিজুর রহমান ৮ লাখ টাকা প্রদান করেন কুমর উদ্দিনকে। বাকি টাকা পরিশোধের পর দলিল রেজিস্ট্রি করার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তিনি তা এড়িয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী হাফিজুর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে সাক্ষীদের উপস্থিতিতে দরদাম চূড়ান্ত করে টাকা দেয়া হয়। এমনকি ২০১২ সালের ২৩ অক্টোবর ইসলামপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লিপিবদ্ধও করা হয়। কিন্তু চূড়ান্ত রেজিস্ট্রির সময় কুমর উদ্দিন অফিস থেকে পালিয়ে যান। এরপর থেকে জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।
তিনি আরও অভিযোগ করেন, টাকা ফেরত চাইলে কুমর উদ্দিন একাধিকবার তার বাড়িতে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
এ বিষয়ে কুমর উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ কারার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুই ভাইয়ের নামে অভিযোগ ছিল, এর মধ্যে একজন ইতিমধ্যে জমি লিখে দিয়েছেন। কুমর উদ্দিন মন্ডলের বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply