
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত এবং সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ক্যান্টিন ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ২ নভেম্বর সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরপর শিক্ষার মানোন্নয়ন নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থেই এই ক্যান্টিনটি করা হয়েছে। অনেক শিক্ষার্থী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় সারাদিন ক্লাস করে। বাজারে যেতে সময় লাগায় তাদের নানা অসুবিধা হয়। তাদের কথা চিন্তা করেই স্কুলের ভেতরে এই ক্যান্টিনের ব্যবস্থা করা হলো।
ক্যান্টিন চালু হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ দেখা গেছে।
ক্যান্টিন উদ্বোধনের আগে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন অতিথিরা। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ ও ক্যান্টিন উদ্বোধনের পর বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট কাসারুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান , বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শামসুজ্জামান ভূঁইয়া রিটু , ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ওমর ফারুক ভূঁইয়া , ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অভিভাবক সদস্য ধন মিয়া,অ্যাডভোকেট এরশাদুল হক, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস। শিক্ষার্থী অর্পিতা সূত্রধর প্রমূখ্য।
বক্তারা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। ক্যান্টিন ও বৃক্ষরোপণ কর্মসূচি সেই লক্ষ্যেই বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ক্যান্টিন পরিদর্শন করেন।
Leave a Reply