1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎‎

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। 

এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় কীভাবে জীবন রক্ষা করতে হবে, তা হাতে-কলমে প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি গ্রহণের বিষয়ে ধারণা দেয়া হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কৌশল, আহত ব্যক্তিকে উদ্ধার, স্ট্রেচারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং অ্যাম্বুলেন্সে তোলার পদ্ধতি প্রদর্শন করেন। এ ছাড়া গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা-ও দেখানো হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এসব কার্যক্রম দেখে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে। শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা ও ধারণা দিতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগের সময় নিজেদের সুরক্ষিত রাখা এবং অন্যদের সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান,  সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল এবং উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো ইউসুফ আলী প্রমুখ।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, নিরাপত্তাবোধ ও সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং