1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের বিক্ষোভ: সিন্ডিকেট কমিটি প্রত্যাখ্যান, শরিফুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জেলা বিএনপির সভাপতি ও প্রতিমন্ত্রী শরিফুল আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।

সোমবার, ৪ মে  দুপুরে ‘সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গবাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র ঘোষিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণার পর অস্বাভাবিকভাবে তা স্থগিত করা হয় এবং দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে অস্থিরতা তৈরি করা হয়। তারা দাবি করেন, পূর্বে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদককে বাদ দিয়ে এবং বিভিন্ন মহলের হস্তক্ষেপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, অতীতে আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করলেও বর্তমান কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। তারা রেদোয়ান রহমান ওয়াকিউরের নেতৃত্বে আন্দোলনের কথা উল্লেখ করে নতুন কমিটিকে “সিন্ডিকেট নির্ভর” আখ্যা দেন এবং ঘৃণাভরে তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, দাবি আদায়ে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। একইসঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তারা বর্তমান কমিটি বাতিল করে ওয়াকিউরকে পুনর্বহালের দাবি জানান।

এসময় শরিফুল আলম ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং