
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত ভাইবা (মৌখিক) ও ব্যবহারিক পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজন সুপারভাইজার ও ৫৮ জন তথ্য সংগ্রহকারীকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার, ২৯ জুলাই তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের জন্য এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের নেতৃত্বে গঠিত ভাইবা বোর্ডের তত্ত্বাবধানে সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়নভিত্তিক পৃথক কক্ষে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষায় তথ্য সংগ্রহকারী পদে ৬২৬ জন এবং সুপারভাইজার পদে ৯০ জন প্রার্থী অংশ নেন। পরে যাচাই-বাছাই শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে পাঁচজন সুপারভাইজার এবং ৫৮ জন তথ্য সংগ্রহকারীকে নির্বাচন করে ফলাফল প্রকাশ করা হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা আল আমিন জানিয়েছেন, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ করা হয়েছে। পরবর্তী নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সম্পন্ন হবে।
Leave a Reply