
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযানে দালাল চক্রের ২০ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ও সদর দপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রবিবার, ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কিশোরগঞ্জ র্যাব-১৪ ও র্যাব সদর দপ্তরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পরে আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাফিজুর রহমান (৪৫), মোতাহার হোসেন (২৭), মিজানুর রহমান (৩০), রনি (২৬), বাদল মিয়া (৪৭), হৃদয় মিয়া (২৫), ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), হাফিজ হোসেন (৩০), সাগর আহমেদ (৩৫), শামীম মিয়া (৩১) ও রাফসানকে (২৩) ২০ দিনে করে, মাসুদ রানা (৩৮), রাসেল মিয়া (৩২), শাফায়াতুল খালেক (৩৮), অজুল মিয়া (২৫), নাদিম মিয়া (২৮) ও ইমনকে (২০) ১৫ দিনের করে এবং সেলিম মজুমদার ও মাহফুজকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের গণমাধ্যমে জানান, অভিযানের আগে সিভিল পোশাকে থাকা র্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে দালাল চক্রের সদস্যরা। এছাড়াও পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও পাসপোর্ট করে দেয়ার নাম করে সরকারি ফি ছাড়া বিভিন্ন অঙ্কে টাকা আদায়ের সত্যতা পায় র্যাব। তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে দালালদের যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনসাধারণের ভোগান্তি কমাতে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply