
সততা আজও মানুষকে সম্মানের শিখরে পৌঁছে দেয়। এর প্রমাণ রাখলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রউফ। কুড়িয়ে পাওয়া ৩৮ হাজার টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিক হোসেনপুর গ্রামের কুদ্দুস মিয়ার কাছে ফিরিয়ে দিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকালে মিঠামইনের হোসেনপুর গ্রামের কুদ্দুস মিয়া ৩৮ হাজার টাকা নিয়ে বাজারে আসেন। অসাবধানতাবশত টাকার বান্ডিলটি হারিয়ে ফেলেন তিনি।
পরে একটি চা স্টলে ঘরে পড়ে থাকা টাকার বান্ডিলটি কুড়িয়ে পান সাবেক মেম্বার আব্দুর রউফ। টাকা পেয়েই তিনি তা আত্মসাতের চিন্তাও করেননি। খোঁজ নিয়ে প্রকৃত মালিককে শনাক্ত করে তার হাতে পুরো টাকা তুলে দেন।
এ বিষয়ে আব্দুর রউফ বলেন, পরের টাকার উপর আমার মোটেও লোভ নেই। পৃথিবীতে এসেছি খালি হাতে, আবার পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব খালি হাতে। আমি মনে করি সকলের মাঝেই সততা থাকা প্রয়োজন।
তার এই সততার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরা তার ভূয়সী প্রশংসা করছেন। অনেকে বলছেন, এমন নৈতিকতার উদাহরণ সমাজে বিরল।
ঘাগড়া ইউনিয়নের বাসিন্দারা মনে করেন, আব্দুর রউফের এই কাজ নতুন প্রজন্মের জন্য একটি শিক্ষা। লোভ-লালসার এই সময়ে এসে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়া সত্যিই অনুকরণীয়।
টাকা হারিয়ে দিশেহারা মানুষটি যেমন তার কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে স্বস্তি পেয়েছেন, তেমনি আব্দুর রউফও প্রকৃত মালিকের হাতে টাকা তুলে দিয়ে অনাবিল আনন্দ পেয়েছেন।
Leave a Reply