
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্টে ও বালতির পানিতে পড়ে একই দিনে দুই শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। অপর দিকে অচেতন অবস্থায় এক অটোরিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ২০ অগাস্ট উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ও ছয়সূতী ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া এলাকায় পুকুরে মোটর দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল মিয়া (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। সে স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর নামা পাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
এর কয়েক ঘণ্টা পর বিকাল আড়াইটার দিকে ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় গোসলের বালতির পানিতে পড়ে মারা যায় ১৮ মাস বয়সী শিশু রাফসান। কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিনহাজ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শিশু রাফসান ছয়সূতী ইউনিয়নে লক্ষ্মীপুর এলাকার মো. এনামুল মিয়ার ছেলে।
এদিকে একই দিন দুপুরে বাজরা-পশ্চিম তারাকান্দি সড়কের পাশ থেকে রায়হান (৪৫) নামের এক অটোরিকশা চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। কটিয়াদী উপজেলার তাতারকান্দা গ্রামের এই চালককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাকে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং অটোরিকশাচালককে অচেতনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে এসব মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Leave a Reply