
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা পদোন্নতি পেয়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হয়েছেন।বিদায় বেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি।
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট বিকেলে উপজেলা ভূমি অফিসে এ বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত এ সভায় সাংবাদিকরা তাঁর দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক এবং জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কাজী নাহিদ ইভা ২০২৪ সালের ২৫ নভেম্বর হোসেনপুরের ইউএনও হিসেবে যোগ দেন। দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয়েছে।
বিদায়ী মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার সঙ্গে স্থানীয় গণমাধ্যমের পেশাগত যোগাযোগ গুরুত্বপূর্ণ। প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, জনসেবা ও স্থানীয় সমস্যা নিয়ে তথ্য আদান-প্রদানের মাধ্যমে গণমাধ্যম যেমন জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারে, তেমনি প্রশাসনও স্থানীয় বাস্তবতা সম্পর্কে ধারণা পায়।
সভায় সাংবাদিকরা কাজী নাহিদ ইভার দায়িত্বকাল নিয়ে পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন কর্মস্থলে তাঁর দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে বিদায়ের মুহুর্তে ব্যক্তিগত প্রশংসার চেয়ে প্রশাসন ও সাংবাদিকতার পেশাগত সম্পর্ককে আরও কার্যকর ও জনমুখী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মিসবাহ উদ্দিন মানিক, রফিকুল ইসলাম, কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন, সাংবাদিক সঞ্চিত চন্দ্র শীল, উজ্জ্বল কুমার সরকার, মো: খায়রুল ইসলাম, মাহফুজ রাজা, সাগর আহমেদ, রিপন মিয়া, আকিল তানিমসহ হোসেনপুরের স্থানীয় সাংবাদিকরা।
সাংবাদিকরা বলেন, দায়িত্ব বদল সরকারি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। তবে কর্মক্ষেত্রে পারস্পরিক সম্মান, পেশাগত যোগাযোগ ও জনস্বার্থে কাজের যে সম্পর্ক তৈরি হয়, বিদায়ের সময় সেটিই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পদোন্নতির মাধ্যমে নতুন দায়িত্বে যাওয়া কাজী নাহিদ ইভার জন্য তাঁরা শুভকামনা জানান।
Leave a Reply