
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগির মাঝে খাবার বিতরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
শনিবার, ১৫ অগাস্ট বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান সিজানের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় অনুষ্ঠিত হয় বলে দাবি করা হয়েছে।
মুঠোফোনে আলাপকালে মো. ইমরান হাসান সিজান বলেন, রাজনৈতিক প্রতিকুলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই। প্রতিকুলতা যতই থাকুক, মানবিক কাজে মানুষের পাশে থেকে আমাদের আদর্শিক অবস্থান অব্যাহত থাকবে।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার বিতরণে কর্তৃপক্ষের অনুমতি ছিল কি না, কিংবা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে দেখছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ১৫ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। ওই সময় এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ১৪ অগাস্ট বিকেল পৌনে ৫টা থেকে ৫টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১৫ অগাস্ট বিকেল ৪টার দিকে ফোন করে ১৪ অগাস্ট বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে খাবার বিতরণের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া ১৫ অগাস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রোধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
Leave a Reply