
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগের কারণে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ ডিসেম্বর তিনি তাড়াইল উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে সরকারি সেবার মানোন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত তদারকি করে আসছেন।
স্থানীয়দের দাবি, মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি ফ্যামিলি কার্ডের শুমারির জন্য জনবল নিয়োগ কার্যক্রমে যোগ্যতা ও নিরপেক্ষতাকে প্রাধান্য দেয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। এ নিয়ে অনেকেই ইউএনওর সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।
তানজিলা আখতার ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। দায়িত্ব পালনে নিষ্ঠা, স্বচ্ছতা ও জনবান্ধব মনোভাবের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ইতিবাচক মূল্যায়ন পাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রশাসন একইভাবে জনগণের পাশে থেকে সেবা নিশ্চিত করবে।
Leave a Reply