
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৬ জুলাই পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ঈশ্বরগঞ্জ পৌরসভা গর্বিত। তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন, জীবিকা এবং সুস্থ পরিবেশ রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রমকে জোরদার করতে হবে। ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply