
পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্ন শহর গঠন এবং ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে নগুয়া সরকারি পুকুর পরিষ্কারে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার, ৪ জুলাই বেলা ১১টায় পৌরসভার নগুয়া হোয়াইট হাউজের পাশের সরকারি পুকুরটি পরিষ্কারকরণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। এবারের অভিযানের মূল উদ্দেশ্য, সুস্থ, সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যযয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর। শুধু সরকারি বা সাংগঠনিক প্রচেষ্টা দিয়ে ডেঙ্গু পুরোপুরি নির্মূল সম্ভব নয়; এর জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং নিজ নিজ আঙিনা ও জলাশয় পরিষ্কার রাখতে হবে।”
কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী। বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। নগুয়া হোয়াইট হাউজ সংলগ্ন এই সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন থাকায় তা মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছিল। এটি পরিষ্কারের মাধ্যমে আমরা এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।”
অভিযানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, এবং নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাপা কিশোরগঞ্জ জেলা শাখার একঝাঁক তরুণ ও উদ্যমী স্বেচ্ছাসেবক এই পুকুর পরিষ্কারকরণ অভিযানে সরাসরি অংশ নেন। স্থানীয়রা পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply