
ময়মনসিংহের নান্দাইলে সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ১৫টি মাদ্রাসার জন্য জিআর চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার, ১৯ জুন বিকেলে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব বিতরণের পূর্বে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ” স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে বর্তমান সরকার দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেয়া হবে না। এছাড়া তিনি বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতিহার বাস্তবায়নসহ দেশ ও জনগণের স্বার্থে সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জনগণের উন্নয়ন হয়, এটা তার প্রমাণ।
বক্তব্য শেষে ১৫টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র এবং স্থানীয় দুস্থ-অসহায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরীর চেক বিতরণসহ ১০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের হুইলচেয়ার তুলে দেয়া হয়।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজনুল ইসলাম আকন্দ প্রমুখ।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
Leave a Reply