1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় রাজধানীর বনানী থানা তাঁতিদলের আহ্বায়ক বাবুল নিহত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের বনানী থানার আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির বাবুল (৫০)।

শুক্রবার, ২২মে দুপুরে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় আহত পিকআপচালক সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎‎নিহত আব্দুল কাদির বাবুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুল ইউনিয়নের পূর্ব নদীর পাড় গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করছিলেন। বনানী এলাকায় তাঁর নিজস্ব তেলের মিল, মুদির দোকানসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী তাঁতী দল বনানী থানার আহ্বায়ক হিসেবে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

‎‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজের তেলের মিলের জন্য সরিষা কিনতে গাজীপুরের মাওনা থেকে একটি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন কাদির বাবুল। দুপুরে কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সামনে চলে আসে। পরে বাসটি পিকআপের ইঞ্জিনের অংশে সজোরে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

‎দুর্ঘটনায় পিকআপে থাকা আব্দুল কাদির বাবুল ও চালক সুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটস্থ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে আব্দুল কাদির বাবুল মারা যান। আহত চালক সুমনকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

‎‎এদিকে কাদির বাবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের নিজ গ্রাম পূর্ব নদীর পাড় এবং ঢাকার বনানী এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন মানবিক, সমাজসেবী ও পরোপকারী ব্যক্তি ছিলেন। এলাকার মানুষের যেকোনো বিপদ-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

‎‎আব্দুল কাদির বাবুলের মৃত্যুতে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বনানী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং