1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রবাসীর বর্তমান স্ত্রীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার, ৩ এপ্রিল বিকেলে ভুক্তভোগী প্রবাসী মাসুদ মিয়া (৪৫) বাদি হয়ে কটিয়াদী মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত ২৬ মার্চ বিকেলে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, প্রধান বিবাদী সুলতান মিয়া ও মাসুদের সাবেক স্ত্রী মোছা. অজুফা খাতুনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। প্রবাসে থাকা অবস্থায় মাসুদ মিয়ার পাঠানো অর্থ দিয়ে অজুফা খাতুন নিজের নামে সম্পত্তি ক্রয় করেন বলে অভিযোগ রয়েছে। দেশে ফিরে সেই টাকার হিসাব চাইলে বিরোধ আরও তীব্র হয়।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৬ মার্চ বিকেল ৪টার দিকে সুলতান মিয়ার নির্দেশে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে মাসুদের বর্তমান স্ত্রী বিলকিস বেগমকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় মাসুদ মিয়া ও তার বাবা আব্দুল লতিফ (৬৫) এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এতে মাসুদের হাত ভেঙে যায় এবং তিনজনই গুরুতর আহত হন।

একপর্যায়ে হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ ৪১ হাজার টাকা, চারটি স্বর্ণের চুড়ি ও একটি চেইনসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং