
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজাল মেশানোর অভিযোগ উঠেছে। ডিজেল ও পেট্রোল মিশ্রণের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পুলেরঘাট মাইজহাটি এলাকায় অবস্থিত বৈশাখী ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
বুধবার, ১ এপ্রিল এর পরিপ্রেক্ষিতে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অভিযোগটি তদন্তের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো: কামরুল পলাশ।
এছাড়া, তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাস স্বাক্ষরিত আদেশে কমিটিকে অভিযোগটি জরুরি ভিত্তিতে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply