
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ।
শনিবার. ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম (অব.) এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহানের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগ এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করে।
নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতের প্রথম প্রহরে শহিদ মিনারে এসে সমবেত হন। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উপস্থিত নেতাকর্মীরা জানান, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের আদর্শকে ধারণ করেই তারা রাজনীতি করেন। দলের শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply