
গণতন্ত্রের উৎসবে অংশ নিতে শারীরিক সীমাবদ্ধতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ জামাইল গ্রামের বাসিন্দা তহুরা আক্তারের (৪০) কাছে।
দুই হাতে ভর দিয়ে তিনি পৌঁছেছেন ভোটকেন্দ্রে শুধু নিজের ভোটাধিকার প্রয়োগ করতে।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি বিকেলে হোসেনপুর উপজেলার জামাইল জহুরুল হক মঈনুল উলূম ভোটকেন্দ্রে দেখা যায়, লাল শাড়ি ও ওড়নায় মুখ আচ্ছাদিত করে ধীরে ধীরে দুই হাতে ভর দিয়ে এগিয়ে যাচ্ছেন তহুরা। পাশে কোনো বিশেষ সহায়ক যন্ত্র ছিল না। মাটিতে ভর দিয়ে কষ্ট করে কেন্দ্রে প্রবেশ করে তিনি নিজের ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত অনেকে বিস্ময় ও শ্রদ্ধায় তাকিয়ে থাকেন তার দৃঢ়তার দিকে।
তহুরা আক্তার বলেন, গত ১৭ বছরে ভোট দিতে পারিনি। ১৭ বছর আগে খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়েছিলাম। এবার দুটি ভোট দিতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। ভোট আমার অধিকার। কষ্ট হলেও আমি নিজে এসে ভোট দিয়েছি।
স্থানীয়রা বলছেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তহুরা কখনো নিজের নাগরিক অধিকার থেকে সরে দাঁড়াননি। তার এই অংশগ্রহণ অন্যদেরও অনুপ্রাণিত করেছে।
গণতন্ত্রের এই উৎসবে তহুরা আক্তারের অংশগ্রহণ শুধু একটি ভোট প্রদান নয়, বরং অদম্য ইচ্ছাশক্তি ও নাগরিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আবু সাঈদ বলেন, তহুরার মতো প্রতিবন্ধী ভোটারদের উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসলাম মোল্লা গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ৬টি আসনে ৯১৩টি ভোটকেন্দ্রের ৫ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এসব আসনে মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ২৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন।
Leave a Reply