1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

করিমগঞ্জে ১০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ, রোপণ শেষের পথে

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হচ্ছে। উপজেলার ১১টি ইউনিয়নসহ পৌরসভায় পুরোদমে চলছে চারা রোপণসহ মাঠপর্যায়ের কাজ। কৃষি বিভাগ জানিয়েছে, প্রচণ্ড শীতের কারণে কিছুটা ভোগান্তি হলেও এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে।

করিমগঞ্জে বোরো ধানই প্রধান ফসল। উপজেলার অধিকাংশ জমি একফসলি হওয়ায় এখানকার কৃষকদের কাছে বোরো আবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের কনকনে সকালে কৃষকদের মাঠে কাজ করতে দেখা যাচ্ছে। কেউ জমিতে পানি ধরে রাখছেন, কেউ হালচাষে ব্যস্ত, আবার কেউ চারা রোপণে মগ্ন।

তবে সার ও ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

উপজেলার দেহুন্দা ইউনিয়নের কৃষক আজগর মিয়া বলেন, ‘৮৫ শতাংশ জমিতে বোরো আবাদ করেছি। শীতের কারণে রোপণকাজ কষ্টসাধ্য হলেও কাজ চালিয়ে যাচ্ছি। গত মাসে সারের কিছু সংকট ছিল, এখন চাহিদামতো সার পাওয়া যাচ্ছে। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ পাচ্ছি।’

উপজেলার নওয়ামতপুর ইউনিয়নের কৃষক মো. হানিফ মিয়া জানান, তারা ২৫০ শতাংশ জমিতে বোরো আবাদ করেছেন। তিনি বলেন, ‘আগে সারের জন্য খুব চিন্তা ছিল। এখন ডিলারের কাছে সারের ঘাটতি নেই। ফলন ভালো হলে লাভবান হওয়ার আশা করছি।’

করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ১৫৫ মেট্রিক টন চাল। এতে হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের ধান অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও জানান, বোরো আবাদে ব্যবহারের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষক যাতে সার পান, সে জন্য ডিলার পয়েন্টগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং