1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন

স্থানীয় ও প্রবাসীদের উদ্যোগে নতুন অটোরিকশা ও নগদ অর্থ পেয়ে মহা খুশি অটোরিকশা চালক ফেদু মিয়া

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর নোওয়াজের বাড়ি গ্রামের মৃত মো. রোকন উদ্দিনের ছেলে মো. ফেদু মিয়া (৫৫) অটোরিকশা চালিয়ে কোনরকম সংসার চালিয়ে আসছিলেন। প্রায় এক মাস আগে তার অটোরিকশাটি ছিনতাই হয়ে গেলে গত ২৬ অক্টোবর সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছিনতাই হওয়ার বিষয়টি ভাইরাল হয়। এটা দেখে একই গ্রামের সাবেক দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মো. মস্তো মিয়া, মালোশিয়া প্রবাসী হাজী মো. খুরশিদ আলম ও স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতিকুল ইসলাম ওই অটোরিকশা চালককে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে পরামর্শ করেন। তারা সিদ্ধান্ত নেন এলাকার প্রবাসী ও স্থানীয়দের সহায়তায় অসহায় অটোরিকশা চালক মো. ফেদু মিয়াকে একটি নতুন অটোরিকশা কিনে দিবেন। তারা তিনজন মিলে কয়েকজন প্রাবাসী ও এলাকার লোকজনের আর্থিক সহায়তায় ১লাখ ৩০ হাজার টাকা দিয়ে ফেদু মিয়ার হাতে ১টি অটোরিকশা ও নগদ ১ হাজার ৬ শত টাকা তুলে দেন।

গত ১ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে ফেদু মিয়ার নিজ বাড়িতে গিয়ে তার হাতে অটোরিকশা ও নগদ টাকা তুলে দেন ইউপি সদস্য মো. আতিকুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক সাবেক দুবাই প্রবাসী মো. মস্তো মিয়া ও সাবেক দুবাই প্রবাসী মো. কাজল মিয়া প্রমূখ।

নতুন অটোরিকশা ও নগদ অর্থ পেয়ে মহা খুশি হন অটোরিকশা চালক ফেদু মিয়া। তার এ বিপদে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের জন্য দুহাত তুলে দোয়া করেন তিনি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আব্দুল্লাহপুর জগৎচর এলকায় যাওয়ার পর, যাত্রী বেশে থাকা ছিনতাইকারী অটোরিকশা চালক ফেদু মিয়াকে পুলিশের কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশলে তার কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

ঋণের টাকায় কেনা পরিবারের একমাত্র আয়ের উৎস অটোরিকশাটি ছিনতাই হওয়াতে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন অসহায় অটোরিকশা চালক ফেদু মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং