
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় বা সংশ্লিষ্টদের অবহেলায় রোগি মৃত্যুর ঘটনা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এবার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের চিকিৎসার অবহেলায় আরো এক রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার,২৯ নভেম্বর রাত ১টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব (৫০) সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পূর্ব জিনারাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্বজনরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাহতাব। পরে পরিবারের লোকজন তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ভর্তি করান। ভর্তির পর প্রয়োজনীয় ঔষধ এনে দেয়ার পরও দায়িত্বে থাকা নার্সরা কোনো চিকিৎসা দেননি। কয়েকবার ডাকাডাকির পরও দায়িত্বে থাকা নার্সরা রোগির কাছে না আসায় রাত একটার দিকে মাহতাব মারা যান। ঘটনার পর দায়িত্বে থাকা নার্স টুম্পা রানী সিং ও রুমা আক্তার ওয়ার্ড ছেড়ে পালিয়ে যান। ডিউটি খাতা পর্যালোচনা করেও তাদের অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়।
এদিকে মাহতাব মৃত্যুর খবরে তাদের আত্মীয়রা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে বিক্ষোভ করেন তারা। এতে হাসপাতালসহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তারা সংশ্লিষ্ট নার্সদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নিহতের ছেলে রাসেল অভিযোগ করে বলেন, নার্সদের গাফিলতির বিষয়ে চিকিৎসককে অবগত করতে গেলে তিনি উল্টো তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে কয়েকজন মেডিকেল শিক্ষার্থী এসে স্বজনদের আটকে রাখা, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং মারধরের চেষ্টা চালায়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, নার্সদের চিকিৎসার অবহেলায় রোগির মৃত্যুর খবর পেয়ে মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। তারা গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply